আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে দেশজুড়ে শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে। এরই মধ্যে ইরানের ধর্মীয় নগরী কোম-এর ঐতিহাসিক জামকারান মসজিদ-এর গম্বুজের ওপর লাল পতাকা উত্তোলন করা হয়েছে। এই প্রতীকী পদক্ষেপকে দেশটির পক্ষ থেকে ‘কঠোর প্রতিক্রিয়া’ ও ‘প্রতিশোধের অঙ্গীকার’-এর ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
ইরানি গণমাধ্যম ও রাষ্ট্র পরিচালিত প্রেস টিভি জানায়, লাল পতাকাটি ইসলামী বিপ্লবের নেতার রক্তের প্রতিশোধের প্রতীক হিসেবে উত্তোলন করা হয়েছে। শিয়া ঐতিহ্যে লাল পতাকা শহীদের রক্ত এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। বিশেষ করে বড় ধরনের জাতীয় বিপর্যয় বা প্রভাবশালী ব্যক্তিত্বের হত্যাকাণ্ডের পর এ ধরনের পতাকা উত্তোলনকে আসন্ন প্রতিশোধ বা কঠোর অবস্থানের বার্তা হিসেবে ব্যাখ্যা করা হয়।
উত্তোলন অনুষ্ঠানে মসজিদের ধর্মীয় নেতারা ও কর্মকর্তারা খামেনির প্রতিকৃতি বহন করেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। উপস্থিত জনতার মধ্যে শোকের পাশাপাশি প্রতিশোধের দাবিও উচ্চারিত হয়।
এর আগে ২০২০ সালের জানুয়ারিতে ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি মার্কিন বিমান হামলায় নিহত হলে একই মসজিদের গম্বুজে প্রথমবারের মতো লাল পতাকা উত্তোলন করা হয়েছিল। সে সময়ও এটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের প্রতীক হিসেবে বিবেচিত হয় এবং পরবর্তী সময়ে ইরান ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই পতাকা উত্তোলন ইরানের অভ্যন্তরীণ জনমতকে সংগঠিত করা এবং বিদেশি শক্তির প্রতি কড়া বার্তা দেওয়ার অংশ হতে পারে। বিশেষ করে খামেনির মতো প্রভাবশালী নেতার মৃত্যুর ঘটনায় দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের ওপর দ্রুত প্রতিক্রিয়া দেখানোর চাপ তৈরি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার তেহরানে ইসরাইল-মার্কিন যৌথ হামলায় খামেনি নিহত হন বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে। একই ঘটনায় আরও বহু সামরিক ও বেসামরিক হতাহতের খবর পাওয়া গেছে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানানো হয়।
এদিকে, দেশটির শীর্ষ নেতৃত্বে সাময়িক শূন্যতা মোকাবিলায় ৬৬ বছর বয়সী এক জ্যেষ্ঠ ধর্মগুরুকে অন্তর্বর্তীকালীন তিন সদস্যের নেতৃত্ব পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই পরিষদ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, জামকারান মসজিদের গম্বুজে লাল পতাকা উত্তোলন কেবল শোকের প্রতীক নয়; এটি আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর প্রতি একটি রাজনৈতিক বার্তা। পরিস্থিতি কোন দিকে গড়াবে, তা নির্ভর করবে ইরানের পরবর্তী কূটনৈতিক ও সামরিক পদক্ষেপের ওপর। মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
রিপোর্টার্স২৪/বাবি