পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর মায়ের অভিযোগে রোববার ( ১ মার্চ) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত জয়নাল আবেদীন (সোনা মিয়া) মহিপুর সদর ইউপির কমরপুর গ্রামের মৃত সোবহান ফরাজির ছেলে।
জানা যায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় মহিপুরের কমরপুর হাফিজিয়া মাদ্রাসা থেকে ভুক্তভোগী বাড়িতে ফেরার সময় মাদ্রাসার বারান্দায় শিশুটিকে নির্যাতন করে জয়নুল। এসময় ওই শিশুর চিৎকার শুনে সহপাঠীরা এগিয়ে এলে অভিযুক্ত জয়নুল আবেদীন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীর মা থানায় অভিযোগ দায়ের করেন। শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মহিপুর থানার ওসি মো. মহব্বত খান জানান, এ ঘটনায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত জয়নুল আবেদীনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী শিশুর মেডিকেল রিপোর্ট প্রক্রিয়াধীন। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/বাবি