স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের চীন-মৈত্রী হলের আয়োজিত জামায়াতে ইসলামী-এর ইফতার মাহফিলে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এ সভায় সরকারি নীতিমালা, কর্মপরিকল্পনা ও বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হবে। দুপুরের পর সরকারি কার্যক্রমের পর বিকেলে তিনি ইফতার মাহফিলে যোগ দেবেন।
ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে অংশগ্রহণের সদয় সম্মতি জ্ঞাপন করেন।
এছাড়া জামায়াতে ইসলামী-এর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে টেলিফোনে আলাপকালে তার স্ত্রী ও সন্তানসহ সপরিবারে ইফতারে উপস্থিত থাকার অনুরোধ জানান।
নির্ধারিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের উপস্থিতি আশা করা হচ্ছে। আয়োজকরা জানান, মাহফিলে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ দেশব্যাপী এই ধরনের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের গুরুত্ব আরও বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন স্তরের নাগরিকদের মধ্যে ঐক্য ও সংহতির বার্তা দেবে। অনুষ্ঠানটি সম্প্রচার ও মিডিয়ার মাধ্যমে সর্বস্তরের জনগণের কাছে পৌঁছানো হবে।
রিপোর্টার্স২৪/বাবি