রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান-কে লাল গোলাপ উপহার দিয়েছেন বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।
চলতি বছরের সাংবাদিকতায় একুশে পদক প্রাপ্ত শফিক রেহমান প্রধানমন্ত্রীকে তিনটি গোলাপ তুলে দেন, যা প্রধানমন্ত্রী হাসিমুখে গ্রহণ করেন।
এ বছর একুশে পদক পেয়েছেন দেশের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদান রাখা ৯ জন গুণী ব্যক্তি ও একটি সংগীত দল। চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ, নৃত্যকলায় অর্থী আহমেদ এবং সংগীত দল হিসেবে ব্যান্ড ওয়ারফেজ-কে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
একুশে পদক অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিকেলে অংশ নেবেন দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক সমাবেশ ‘অমর একুশে বইমেলা’-এর উদ্বোধনী আয়োজনে।
রিপোর্টার্স২৪/ঝুম