স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজ, কিশোর গ্যাং সদস্য ও মাদককারবারীদের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করে সংশ্লিষ্ট থানায় নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ–এর মোহাম্মদপুর জোনাল টিম বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত টানা চার ঘণ্টা অভিযান চালায়। রমজান মাসে জনসাধারণের নিরাপদে রোজা পালন এবং শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদ্যাপন নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
অভিযানে নেতৃত্ব দেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। এ সময় মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন এবং মোহাম্মদপুর ও আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিসি ইবনে মিজান বলেন, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমাতে মোহাম্মদপুর ও আদাবর থানার যৌথ অভিযানে বিভিন্ন পর্যায়ের শতাধিক সন্দেহভাজন অপরাধীকে আটক করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে চিহ্নিত চাঁদাবাজ, ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য ও মাদক সংশ্লিষ্ট সন্দেহভাজনরা রয়েছেন। তাদের বিরুদ্ধে পূর্বের অভিযোগ ও তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রাজধানীর আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কে টহল জোরদার করা হয়েছে। বিশেষ করে কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে নজরদারি বাড়ানো হয়েছে। এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
পুলিশের এ অভিযানে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, ধারাবাহিক অভিযান চললে এলাকায় চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমে আসবে।
রিপোর্টার্স২৪/বাবি