যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে হেরোইন রাখার দায়ে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) যশোরের বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা) এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা বর্তমানে কারাগারে রয়েছেন। আদালতের বিশেষ পিপি আনিছুর রহমান পলাশ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বেনাপোল উপজেলার ঘিবা গ্রামের ইয়াকুব আলী সরদারের ছেলে শুকুর আলী এবং মৃত নইমুদ্দিন বিশ্বাসের ছেলে জামাল বিশ্বাস।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৩ মে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশ জানতে পারে, শার্শা বাজারের যাত্রী ছাউনির সামনে দুই ব্যক্তি মাদকসহ অবস্থান করছে। উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যাগ ফেলে পালিয়ে যায় এবং অন্যজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
আটক শুকুর আলীর ব্যাগ তল্লাশি করে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া পালিয়ে যাওয়া জামাল বিশ্বাসের ফেলে যাওয়া ব্যাগ থেকে আরও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় এসআই মুরাদ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তদন্ত কর্মকর্তা এসআই সুজাত আলী আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযানে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/বাবি