স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব থেকে সবার আগে বিদায় নিল স্বাগতিক শ্রীলঙ্কা। কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬১ রানের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে লঙ্কানরা। অন্যদিকে এই জয়ে সেমিফাইনালে ওঠার আশা আরও উজ্জ্বল করেছে নিউজিল্যান্ড।
দুই ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড। এক পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তান। আর দুই ম্যাচেই হেরে পয়েন্টশূন্য অবস্থায় তলানিতে শ্রীলঙ্কা।
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। কিউই পেসার ম্যাট হেনরী প্রথম বলেই শূন্য রানে ফিরিয়ে দেন পাথুম নিশাঙ্কাকে। তৃতীয় ওভারে চারিথ আসালাঙ্কাকেও ফেরান তিনি; ৯ বলে ৫ রান করেন আসালাঙ্কা। পাওয়ার প্লেতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা।
এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেন বাঁহাতি স্পিনার রাচিন রবীন্দ্র। নিজের ঘূর্ণিতে একে একে চার লঙ্কান ব্যাটারকে সাজঘরে ফেরান তিনি। কুশল মেন্ডিস (১১), পাভান রত্নায়েক (১০), অধিনায়ক দাসুন শানাকা (৩) ও দুসান হেমন্ত (৩) দ্রুত বিদায় নিলে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় শ্রীলঙ্কা।
কামিন্দু মেন্ডিস একপ্রান্তে লড়াই চালানোর চেষ্টা করেন। ২৩ বলে ৩১ রান করে আউট হন তিনি। দুনিথ ভেল্লালাগে করেন ২৯ রান। শেষ দিকে চামিরা ৭ ও থিকসানা ২ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৭ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস।
নিউজিল্যান্ডের হয়ে চার উইকেট নেন রাচিন রবীন্দ্র—আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা তার সেরা বোলিং ফিগার। ম্যাট হেনরি নেন দুটি উইকেট।
এর আগে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। শুরুটা আক্রমণাত্মক ছিল কিউইদের। ওপেনার ফিল অ্যালেন ১৩ বলে ২৩ রান করে আউট হন। টিম সেইফার্ট করেন ৮ রান।
তৃতীয় উইকেটে রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস ৪৩ রানের জুটি গড়েন। রবীন্দ্র করেন ৩২ ও ফিলিপস ১৮ রান। তবে মাঝের ওভারগুলোতে রান ওঠে ধীরগতিতে—১২তম থেকে ১৬তম ওভারে আসে মাত্র ১৫ রান। ড্যারিল মিচেল ৩ ও চ্যাপম্যান শূন্য রানে বিদায় নেন।
শেষ চার ওভারে ম্যাচের চিত্র পাল্টে দেন অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোল ম্যাককঞ্চি। দুজনের ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। স্যান্টনার ২৬ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৪৭ রান করেন। ম্যাককঞ্চি ২৩ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে তোলে ১৬৮ রান।
শ্রীলঙ্কার হয়ে মহেশ থিকসানা ও দুশমান্থা চামিরা নেন তিনটি করে উইকেট। একটি উইকেট পান দুনিথ ভেল্লালাগে।
এই হারের ফলে সুপার এইট থেকে প্রথম দল হিসেবে বিদায় নিতে হলো শ্রীলঙ্কাকে। আর নিউজিল্যান্ড নিজেদের সেমিফাইনাল স্বপ্ন আরও দৃঢ় করল দাপুটে জয়ে।