স্টাফ রিপোর্টার: সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়েছে, সেগুলো থেকেই নির্বাচন শুরু হবে। এ ক্ষেত্রে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম এই তিন সিটি করপোরেশনে আগে ভোট হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের প্রধান লক্ষ্য দ্রুত নির্বাচনের মাধ্যমে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান সচল করা। তিনি জানান, অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন-এ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে অন্য সিটি করপোরেশন, পৌরসভা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন সম্পন্ন করতে কত সময় লাগবে;এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা না জানালেও মন্ত্রী বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ যেখানে মেয়াদ শেষ হবে, সেখানেই নিয়ম অনুযায়ী ভোটগ্রহণ করা হবে।
দলীয় প্রতীকে নির্বাচন?
স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না,এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে সংসদের প্রথম অধিবেশনেই সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যক্তিগত মতামতের সুযোগ নেই উল্লেখ করে তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি সংসদে নির্ধারিত হবে। আগামী ১২ মার্চ প্রথম অধিবেশন বসার কথা রয়েছে।
রাজনৈতিক প্রশাসক নিয়োগ প্রসঙ্গে
সিটি করপোরেশনে সরকারি কর্মকর্তার পরিবর্তে রাজনৈতিক প্রশাসক নিয়োগের বিষয়ে মন্ত্রী বলেন, রাজনৈতিক প্রশাসকরা জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে সেবা নিশ্চিত করতে পারেন। জনদুর্ভোগ লাঘবে তারা বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলেই এ দায়িত্ব দেওয়া হয়েছে।
একই অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, অকার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করতে রাজনৈতিক প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকায় তারা তুলনামূলকভাবে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
রিপোর্টার্স২৪/এসসি