সিনিয়র রিপোর্টার: দুর্বল ব্যাংকগুলোর সঙ্গে এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূতকরণ, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার উদ্যোগসহ বিভিন্ন বিষয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুরকে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করার ঘটনায় তিন কর্মকর্তা শোকজ ও ঢাকার বাইরে বদলি হয়েছেন।
বদলি করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন,বাংলাদেশ ব্যাংকের নীল দলের সাধারণ সম্পাদক এবং এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা (বরিশাল অফিস), বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি একেএম মাসুম বিল্লাহ (রংপুর) এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ (বগুড়া)। ওই সংবাদ সম্মেলন ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের জানিয়েছেন, শোকজের বিষয়টি সত্য। যারা শোকজের তালিকায় রয়েছেন, তাদের কাছে জবাব চাওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে প্রয়োজনীয় আইনানুগ ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলন করার এখতিয়ার রয়েছে কি না,এ বিষয়ে তিনি বলেন, শোকজ করা হয়েছে, তাই এ মুহূর্তে মন্তব্য সম্ভব নয়। জবাব পাওয়ার পর সিদ্ধান্ত জানানো হবে।
সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের স্টাফ রেগুলেশন অনুযায়ী কর্মকর্তারা সংবাদ সম্মেলন, সভা, সেমিনার বা কোনো বিবৃতি দেওয়ার আগে গভর্নরের অনুমোদন নিতে বাধ্য। গভর্নর বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়ে আপত্তি থাকলে তা অভ্যন্তরীণ ফোরামে আলোচনা করা যায়, সরাসরি সংবাদ সম্মেলন করা যায় না। তবে ওই সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভার উদ্দেশ্য নিয়ে নিয়মবিরুদ্ধভাবে প্রশ্ন তোলা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, বিকাশকে তড়িঘড়ি করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার চেষ্টা করছেন গভর্নর।
রিপোর্টার্স২৪/এসসি