স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক ইসমাইল হোসেন আয়কর নথি জব্দের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ড. শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে আট কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকা জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
আবেদনে আরও বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ১৯ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭–এর ২০ বিধি অনুযায়ী অভিযুক্তের আয়-ব্যয়ের প্রকৃত হিসাব যাচাই করা প্রয়োজন। পাশাপাশি তার মালিকানাধীন অন্য কোনো সম্পদ রয়েছে কি না, তা অনুসন্ধান করাও জরুরি।
এই প্রেক্ষাপটে আদালত ২০১৩-১৪ করবর্ষ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দ করে পর্যালোচনার অনুমতি দিয়েছেন।
রিপোর্টার্স২৪/এসসি