স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার তাকে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজে জাতীয় ঈদগাহ ময়দানে অংশ নিতে বাধা দিয়েছে। রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ নেওয়া স্বাধীনতার পর থেকে রাষ্ট্রপতিদের একটি প্রচলিত রেওয়াজ বলে উল্লেখ করেন তিনি।
এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, নিরাপত্তা বিভাগের মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হয় যে তিনি যেন জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ না নেন। আমাকে সাফ জানিয়ে দেওয়া হয় যে, আপনি ঈদের নামাজে অংশ নিতে জাতীয় ঈদগাহে যাবেন না,—বলেন তিনি।
কেন তাকে ঈদের জামাতে অংশ নিতে বাধা দেওয়া হয়েছে—এ প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি বলেন, তাকে মানসিকভাবে চাপে রাখা বা বিপর্যস্ত করাই হয়তো উদ্দেশ্য ছিল। তার ভাষায়, মূলত আমি যেন মনস্তাত্ত্বিকভাবে ভেঙে পড়ি, এটাই ছিল তাদের লক্ষ্য।
রাষ্ট্রপতির দাবি, তাকে স্বেচ্ছায় পদত্যাগে বাধ্য করার প্রচেষ্টার অংশ হিসেবেও এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে। তার মতে, এতে অসাংবিধানিকভাবে পছন্দের কাউকে রাষ্ট্রপতির পদে বসানোর সুযোগ তৈরি হতো এবং নির্বাচন বিলম্বিত বা ক্ষমতায় থাকার সময় বাড়ানো সম্ভব হতে পারত।
তবে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/বাবি