সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ)। সংগঠনটি মনে করে, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পোশাক বদলের আগে আরও গবেষণা ও জনমত যাচাই করা উচিত।
সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ২০০৩-২০০৪ সালে তৎকালীন সরকার একটি কমিটির মাধ্যমে পুলিশ ইউনিফর্ম পরিবর্তন করার আগে দীর্ঘ যাচাই-বাছাই করেছিল। নতুন পোশাকের ক্ষেত্রে পুলিশ সদস্যদের গায়ের রং, আবহাওয়া, দিনের বিভিন্ন সময়ে সহজে চিহ্নিত হওয়া এবং অন্য বাহিনীর সঙ্গে সাদৃশ্য এড়িয়ে চলা বিষয়গুলো বিবেচনা করা হয়েছিল।
তবে সংগঠনটির অভিযোগ, বর্তমান পোশাক পরিবর্তনের ক্ষেত্রে এসব বাস্তব বিষয় যথাযথভাবে বিবেচনা করা হয়নি। নতুন ইউনিফর্মের রঙ ও নকশার সঙ্গে অন্য সংস্থার পোশাকের সাদৃশ্য থাকায় মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের দ্রুত চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশের সদস্যরা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে দায়িত্ব পালন করেছিলেন। তাদের পেশাদারিত্ব অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং তা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছিল।
সংগঠনটি বলেছে, পুলিশ ইউনিফর্ম শুধু পোশাক নয়, এটি বাহিনীর ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক। নতুন পোশাক তৈরিতে বিপুল অর্থ ব্যয় করা হলেও বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে সেই অর্থ বাহিনীর আধুনিকায়ন, থানা পর্যায়ে যানবাহন সরবরাহ, লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি এবং সদস্যদের প্রশিক্ষণ ও মনোবল উন্নয়নে ব্যবহার করা বেশি যৌক্তিক হবে।
বিপিএসএর পক্ষ থেকে সরকারের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে, দেশের পুলিশ সদস্যদের আবেগ, বাস্তবতা ও পেশাদারিত্ব বিবেচনায় নিয়ে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। এছাড়া আরও গবেষণা ও জনমত যাচাইয়ের ভিত্তিতে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়েছে। সংগঠনটি আশ্বাস দিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য সর্বোচ্চ দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালন করবে।
রিপোর্টার্স২৪/বাবি