স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, যারা কোনো অন্যায় করেননি তারা প্রসিকিউশনের মাধ্যমে হয়রানির শিকার হবেন না। তবে প্রকৃত অপরাধীদের অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। দায়িত্ব গ্রহণের কথা জানিয়ে আমিনুল ইসলাম বলেন, এখন থেকে ট্রাইব্যুনালের সব কার্যক্রম তিনি তদারকি করবেন।
তিনি বলেন, যেসব ব্যক্তি বিচারের সম্মুখীন, তাদের জন্য সুস্পষ্ট বার্তা;যারা অন্যায় করেননি, তারা কোনো ধরনের হয়রানির শিকার হবেন না। কিন্তু যারা প্রকৃত অপরাধী, তাদের প্রাপ্য শাস্তি নিশ্চিত করতে হবে।
নতুন চিফ প্রসিকিউটর আরও বলেন, দায়িত্বভার গ্রহণের পর তিনি উপলব্ধি করেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা অনুযায়ী নিজের কর্তব্য পালনের চেষ্টা করবো। দক্ষতা, মেধা ও জ্ঞান দিয়ে মামলাগুলো পরিচালনা করবো। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
আমিনুল ইসলাম বলেন, বিচার প্রক্রিয়া কারও প্রতি বিদ্বেষমূলক মনোভাব নিয়ে পরিচালিত হবে না। আইনের প্রত্যাশা অনুযায়ী নিরপেক্ষভাবে বিচারকার্য সম্পন্ন হবে। আমাদের মাধ্যমে কারও প্রতি কোনো বিদ্বেষ থাকবে না।
চলমান বিচার কার্যক্রমের গতি আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বিচারের গতি কমার সুযোগ নেই। বরং প্রসিকিউশনের মাধ্যমে তা আরও বাড়বে।
রিপোর্টার্স২৪/এসসি