রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ প্রায় দুই দশকের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ২০০৬ সালে দলীয় প্রভাবের অভিযোগে চূড়ান্ত নিয়োগ বাতিল হওয়া পুলিশের প্রায় সাড়ে ৬০০ জন এসআই ও সার্জেন্টকে চাকরিতে পুনর্বহালের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তারা অবশ্যই ন্যায়বিচার পাবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তাদের বিষয়টি এতদিন প্রধান উপদেষ্টার দপ্তরে ঝুলে ছিল। আদালতের রায়ের আলোকে তাদের চাকরি ফেরানোর প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো হলেও তা অনুমোদন পায়নি। কেন অনুমোদন হয়নি, সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলেও উল্লেখ করেন। তবে তার ভাষায়, ন্যায়বিচার থেকে কেউ বঞ্চিত হবে না নিয়োগ অবশ্যই হবে।
এদিকে পুলিশ বাহিনীতে জনবল সংকটের কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বর্তমানে কনস্টেবল পদে ২ হাজার ৭০১টি শূন্যপদ রয়েছে। জননিরাপত্তা জোরদারে দ্রুত এসব পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
পুলিশের কাজে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ বরদাশত করা হবে না বলেও কড়া হুঁশিয়ারি দেন তিনি। তার বক্তব্য, কেউ যদি পুলিশের দায়িত্ব পালনে বাধা দেয় বা অবৈধ প্রভাব খাটানোর চেষ্টা করে, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগ–বিতর্কে এই ঘোষণাকে সংশ্লিষ্টদের জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।
রিপোর্টার্স২৪/ঝুম