শেরপুর প্রতিনিধি: নকলা উপজেলা-এ সরকারি নীতিমালা লঙ্ঘন করে অবৈধভাবে সার মজুত ও চড়া দামে বিক্রির অভিযোগে ২৬ টন ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।
২২ ফেব্রুয়ারি দুপুরে নকলা বাজারের বাংলাদেশ কৃষি ব্যাংক-এর সামনে থেকে ‘মেসার্স নুসরাত পরিবহন’ নামের একটি ট্রাক তল্লাশি করে এই সার উদ্ধার করা হয়।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ট-২৪-৪০৮৪ নম্বর প্লেটের ট্রাকটি আশুগঞ্জ সার কারখানা থেকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর স্টিকার ব্যবহার করে নকলায় আসে।
ট্রাকে থাকা প্রায় ২৬ টন ইউরিয়ার বৈধ কোনো কাগজপত্র চালক বা সংশ্লিষ্ট কেউ দেখাতে পারেননি। স্থানীয়দের অভিযোগ, নকলা বাজারের সার ব্যবসায়ী ৫২০ বস্তা ইউরিয়া মেসার্স শহিদুল এন্টারপ্রাইজের নামে এবং ৪৬০ বস্তা ইউরিয়া মেসার্স সৃজন এন্টারপ্রাইজের নামে অবৈধভাবে মজুত করে কৃষকদের কাছে চড়া দামে বিক্রির পরিকল্পনা করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি প্রথমে একটি স্থানে সার লোড-আনলোডের চেষ্টা করে ব্যর্থ হয়ে অন্য জায়গায় সারের বস্তা সরানোর সময় সন্দেহ সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত হলে চালক ও সারের মালিক কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। সারগুলো আশুগঞ্জ থেকে অবৈধ পথে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে নকলা থানা-কে অবহিত করা হয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে সারের উৎস ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সার বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/এসএন