রাজবাড়ী প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলায় ২৫০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
জানা যায়, রমজানে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি পরিবারের জন্য বিতরণ করা প্যাকেজে ছিল ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি খেজুর ও ১ কেজি মুড়ি। এছাড়া রমজানে আমল ও ইবাদতে সহায়তার লক্ষ্যে ‘মাহে রমজানের ২৭ আমল’ শীর্ষক একটি বই উপহার হিসেবে দেওয়া হয়।
ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, পবিত্র রমজান উপলক্ষে দেশের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে। চলতি বছর দেশের ৬৪ জেলার ৬২৭টি স্থানে ৩৩ হাজার ৩০০ পরিবারের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রায় ২৩৩ মেট্রিক টন খাদ্যসামগ্রী প্রস্তুত করা হচ্ছে।
তারা আরও জানান, প্রতিটি পরিবার প্রায় এক হাজার টাকা সমমূল্যের ইফতার সামগ্রী পেয়েছে। উপকারভোগীরা এ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
ইফতার সামগ্রী পেয়ে একজন বলেন, রমজান মাসে সংসারের খরচ অনেক বেড়ে যায়। এই সহায়তা পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে। আরেকজন বলেন, বাড়িতে এসে ইফতার সামগ্রী দিয়ে যাওয়ায় আমরা খুবই আনন্দিত। এতে আমাদের পরিবার কিছুটা স্বস্তি পেল।
স্থানীয়রা জানান, রমজানের শুরুতেই এ ধরনের সহায়তা দরিদ্র পরিবারের জন্য আশীর্বাদস্বরূপ। সমাজের বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলেও তারা মত প্রকাশ করেন।
রিপোর্টার্স২৪/মিতু