ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। গতকাল ২০ ফেব্রুয়ারী শুক্রবার রাত ১০টার দিকে শহরের পবহাটি কলাহাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের আরাপপুর এলাকার বাসিন্দা শাহীন রহমানের ছেলে শাহরিয়ার শান্ত (২২) এবং ব্যাপারীপাড়া এলাকার সাত্তারের ছেলে টোটন (২৩) হোসেন মোটরসাইকেলযোগে টার্মিনালের দিকে যাচ্ছিলেন। তারা আরাপপুর-টার্মিনাল সড়কের পবহাটি কলাহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।
এতে দু’জনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার শান্তকে মৃত ঘোষণা করেন।
আহত টোটন হোসেনের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরে শনিবার ভোর ৪টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ।
দুর্ঘটনার পর ট্রাকটি জব্দের চেষ্টা চলছে এবং দুর্ঘটনায় কবলিত যানটি হেফাজতে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু