রিপোর্টার্স২৪ ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের যেকোনো সমস্যা সমাধান সাংবাদিকতার নিজস্ব কাঠামোর মধ্যে হওয়া উচিত। তথ্য মন্ত্রণালয়ের বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয়ের হস্তক্ষেপ তিনি চান না।
শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সাংবাদিকতার পেশার সঙ্গে সংশ্লিষ্ট সমস্যা, সংকট বা বিরোধ সাংবাদিকতার নিজস্ব নীতিমালা ও কাঠামোর মধ্যেই সমাধান হওয়া প্রয়োজন। অন্য কোনো প্রশাসনিক হস্তক্ষেপ পেশাগত স্বাধীনতা ক্ষুণ্ণ করতে পারে।
গণমাধ্যমের সঙ্গে সরকারের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ, তবে সাংবাদিকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তার সমস্যা রয়েছে। এই সমস্যার সমাধানে ওয়েজ বোর্ডের প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সরকারের লক্ষ্য বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে আরও শক্তিশালী ও নিরপেক্ষ করা। এবারের জাতীয় নির্বাচন থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য কাজে লাগানো হবে।
আলোচনাসভায় মন্ত্রী ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনে অবদান রাখা নেতাদের প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম