রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের রাজনৈতিক উত্তাল এক সময়ে ঢাকায় দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি. মাইলাম আর নেই। সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদ-এর শাসনামলে তিনি বাংলাদেশে মার্কিন কূটনৈতিক মিশনের নেতৃত্ব দেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে তার মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোকবার্তা দিয়ে তার মৃত্যুর খবর জানান যুক্তরাষ্ট্রের আরেক সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। পরবর্তীতে বিষয়টি নিশ্চিত করেন মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি জানান, মাইলামের মেয়ে এরিকা মাইলাম ইমেইলের মাধ্যমে পরিবারের পক্ষ থেকে মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন।
উইলিয়াম মাইলাম ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় বাংলাদেশে গণআন্দোলন, রাজনৈতিক রদবদল এবং ক্ষমতার পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ চলছিল। ওই সময় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক রক্ষায় তিনি সক্রিয় ভূমিকা রাখেন।
দীর্ঘ কূটনৈতিক জীবনে দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে দায়িত্ব পালন করেন মাইলাম। বাংলাদেশে দায়িত্ব পালন শেষে তিনি নীতিনির্ধারণী মহলেও সক্রিয় ছিলেন এবং দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে মতামত দিতেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, গত বছরও তিনি ঢাকা সফরে এসেছিলেন। সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
রিপোর্টার্স২৪/ঝুম