স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে দেয়ালে ধাক্কা দিয়ে মোটরসাইকেল আরোহী দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে শহরের আকুরটাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শহরের বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের ছাত্র স্বাধীন ও ফাহিম। তারা আকুরটাকুরপাড়ার ছোট কালিবাড়ি এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে স্বাধীন ও ফাহিম শহর থেকে বাসায় ফিরছিল। হঠাৎ তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজ এলাকায় একটি দেয়ালে ধাক্কা লাগে। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল সদর ফাঁড়ির এএসআই এনায়েত সরকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে রাতেই তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম