রিপোর্টার্স২৪ ডেস্ক: রংপুর-৩ (মহানগর-সদর) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এনসিপির সদস্য সচিব আখতার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে অবাক করার মতো বিষয় হলো উভয় শীর্ষ নেতা নিজ নির্বাচনী এলাকায় ভোট দিতে পারছেন না।
কারণ, দুজনেই ঢাকার ভোটার তালিকাভুক্ত। জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের বর্তমান ও স্থায়ী ঠিকানা উত্তরা, ঢাকায় হওয়ায় তিনি ভোট দিতে পারবেন না। তার ভোটকেন্দ্র হিসেবে ধরা হয়েছে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ।
অন্যদিকে, আখতার হোসেনের স্থায়ী ঠিকানা রংপুরের কাউনিয়া উপজেলায় থাকলেও, তিনি ঢাকায় ভোটার হিসেবে তালিকাভুক্ত। তার ভোটকেন্দ্র ঢাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
আখতার হোসেন জানিয়েছেন, ভোটার এলাকা পরিবর্তনের চেষ্টা করলেও নির্বাচন কমিশন তাকে সহযোগিতা করেনি। তিনি জানান, ভোটার আবেদনের সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম এবং তখন বর্তমান ঠিকানা হিসেবে ঢাকার ঠিকানা ব্যবহার করেছিলাম। এর ফলে নাম ঢাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৬টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শুরুর আগে থেকেই ভোটাররা কেন্দ্রে উপস্থিত হতে শুরু করেন। সকাল এগোলে প্রতিটি কেন্দ্রে দীর্ঘ সারি ও উৎসাহী ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
রিপোর্টার্স২৪/ঝুম