রিপোর্টার্স২৪ ডেস্ক: ডিএমপি কমিশনার এসএম সাজ্জাত আলী জানিয়েছেন, দেশের চলমান নির্বাচন “চমৎকার এবং উৎসবমুখর” পরিবেশে হচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদানের পর তিনি এ মন্তব্য করেন।
কমিশনার বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই জানিয়েছিলেন, তারা একটি ঐতিহাসিক নির্বাচন চান, আর আমরা এখন সেটিই দেখতে পাচ্ছি।
ভোটের নিরাপত্তা এবং পরবর্তী সহিংসতার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব প্রধান দল ঘোষণা করেছে, ফলাফল যাই হোক তারা তা মেনে নেবে। যেহেতু ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে, তাই সহিংসতার কোনো শঙ্কা নেই।
ডিএমপি কমিশনার আরও জানান, গুজব আগে থেকেই ছড়ানো হচ্ছিল। অনেকেই বলেছিল নির্বাচন হবে না বা সহিংসতা হবে। কিন্তু আমরা দেখছি, চমৎকার পরিবেশে উৎসবমুখর ভোটপর্ব চলছে।
২০১৮ সালের নির্বাচনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, আমি ২৫ বছরের বেশি সময় ধরে মোহাম্মদপুরে থাকি। ২০১৮ সালে ভোট দিতে এসে আমি গেটে প্রবেশ করলে জানানো হয়েছিল আপনার ভোট ইতিমধ্যেই হয়েছে।
প্রিসাইডিং অফিসার সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১০টা পর্যন্ত প্রথম আড়াই ঘণ্টায় কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে মোট ১১ শতাংশ। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২,৫৮৪ জন, যেখানে ২৭৫ জন ভোট দিয়েছেন।
কেন্দ্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং ভোটার উপস্থিতি আরও বাড়ার আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রিপোর্টার্স২৪/ঝুম