বরগুনা প্রতিনিধি: উদ্বেগ আর শঙ্কার দীর্ঘ ছায়া পেরিয়ে শেষ পর্যন্ত শান্ত পরিবেশেই শুরু হয়েছে বরগুনার বহুল আলোচিত সংসদীয় নির্বাচন। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি। ব্যালট পেপারে ভরসা রেখে নিজেদের সিদ্ধান্ত জানাতে লাইনে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ।
তবে ভোটের এই শান্ত আবহের আড়ালেও রয়েছে কিছু অস্বস্তিকর ঘটনা। পাথরঘাটা পৌরসভার খারাকান্দা এলাকায় জেলা ছাত্রদলের সদস্য আফরোজ হোসেনের মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং বরগুনা-১ আসনে এক বিএনপি কর্মীর ওপর হামলার ঘটনায় এলাকায় কিছুটা উত্তেজনা ছড়ায়। এসব ঘটনা প্রশাসনকে আরও সতর্ক করে তুলেছে।
জেলায় মোট ৩১২টি ভোটকেন্দ্র ও ১ হাজার ৮৭৪টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে গড়ে ১৬ থেকে ১৭ জন করে পুলিশ, আনসার ও অন্যান্য বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নৌবাহিনী, বিজিবি ও আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। জেলা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চালু রয়েছে কন্ট্রোল রুম।
জেলায় মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৫৭ হাজার ২০৩ জন। এর মধ্যে পুরুষ ৪ লাখ ১৮ হাজার ৭৭০ জন, নারী ৪ লাখ ২৭ হাজার ১৩০ জন, হিজড়া ১৫ জন এবং পোস্টাল ভোটার ১১ হাজার ২৫৮ জন।
অনেক ভোটারই জানান, দীর্ঘ অপেক্ষার পর এবার ভোট দিতে পেরে তারা স্বস্তি অনুভব করছেন। একজন ভোটার আলী আহম্মেদ বলেন, ভয় ছিল, কিন্তু তবু ভোট দিতে এসেছি। ভোটটাই আমাদের শক্তি।
বরগুনা-১ আসন
সদর, আমতলী ও তালতলী নিয়ে গঠিত এই আসনে ভোটার ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন। এখানে বিএনপির প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা ও ইসলামী আন্দোলনের মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।
বরগুনা-২ আসন
বেতাগী, বামনা ও পাথরঘাটা নিয়ে গঠিত এ আসনে ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৭৪৪ জন। এখানে বিএনপির নুরুল ইসলাম মনি ও জামায়াতের ডা. সুলতান আহমেদের মধ্যে লড়াই ঘিরে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, জেলার ৫১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা ও বাড়ানো হয়েছে নিরাপত্তা।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ তাসলিমা আক্তার বলেন, সব কেন্দ্রেই শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম