স্টাফ রিপোর্টার: শারীরিক প্রতিবন্ধকতা তাঁকে থামাতে পারেনি। ষাটোর্ধ বৃদ্ধ আবুল কাশেম বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালেই দুই হাতে লাঠি ভর দিয়ে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে পৌঁছান। অন্যের সহযোগিতায় ধীরে ধীরে কেন্দ্রে পৌঁছে তিনি বলেন, ভোট পবিত্র আমানত, এটাকে আমি যথাযথভাবে প্রয়োগ করতে চাই।
সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রের প্রাঙ্গণ উৎসবমুখর। সকাল থেকেই নারী-পুরুষ ভোটাররা উপস্থিত ছিলেন। কেউ লাইনে দাঁড়িয়ে ছিলেন, কেউ ভোট দিয়ে বের হচ্ছিলেন হাসিমুখে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রের বাইরে নিরাপত্তা নিশ্চিত করছেন। প্রবেশের আগে ভোটারদের জাতীয় পরিচয়পত্র যাচাই করা হচ্ছে।
আবুল কাশেম জানান, ভোট দিতে এসে অনেক আনন্দ লাগছে। আমি নিজে হাঁটতে পারি না, দুই হাতে লাঠি নিয়ে আরেকজনের সাহায্যে এখানে এসেছি। আগেও নানা প্রতিবন্ধকতা ছিল, তবু ভোট দিয়েছি। আজ আবার ভোট দিতে পারছি, খুব খুশি লাগছে।
ভোট দিয়ে বের হওয়া রবিউল ইসলাম বলেন, সবাই বেশ উচ্ছ্বসিত। সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে।
সারাদেশে সকাল সাড়ে সাতটায় একযোগে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এবার নির্বাচনে অংশ নিতে বাংলাদেশে উপস্থিত রয়েছেন ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। এর মধ্যে ২২৩ জন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, এছাড়া কমনওয়েলথ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং আল জাজিরা, বিবিসি, রয়টার্স ও এপির মতো নামকরা ১৫০ জন সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য দেশজুড়ে অবস্থান করছেন।
রিপোর্টার্স২৪/বাবি