ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও–১ (সদর) আসনের ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন বলেছেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটকের ঘটনা দুরভিসন্ধিমূলক এবং ষড়যন্ত্রমূলক। তিনি দাবি করেছেন, এটি নির্বাচনের আগমুহূর্তে তাঁকে হেনস্তা করার উদ্দেশ্যে করা হয়েছে।
বুধবার ঠাকুরগাঁও শহরের লা–রোজা রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেলাওয়ার হোসেন এসব কথা বলেন। তিনি জানান, জেলা জামায়াতের আমির ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে ঢাকায় গিয়েছিলেন। ঢাকা থেকে ফেরার পথে সৈয়দপুরে তাঁকে অবৈধভাবে হেনস্তা করা হয়েছে। ‘একজন ব্যক্তি তাঁর ব্যক্তিগত টাকা বিমানে, ট্রেনে বা বাসে নিয়ে আসবেন—এটা তাঁর ব্যক্তিগত বিষয়। তিনি তো কোথাও টাকা বিতরণ করতে গিয়ে ধরা পড়েননি। তাঁর ব্যক্তিগত বা ব্যবসায়িক টাকা ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে নিয়ে আসছিলেন। এতে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা ও হেনস্তা করা দুরভিসন্ধিমূলক,’ বলেন তিনি।
দেলাওয়ার হোসেন আরও বলেন, নির্বাচনের একদিন আগে ব্যাংকগুলো বন্ধ থাকায় স্বাভাবিকভাবে টাকা তোলা যায় না। এমন পরিস্থিতিতে ব্যবসায়িক কাজে টাকার প্রয়োজন হলে কীভাবে নিয়ে আসবেন? ‘তিনি একজন শিক্ষক, পাশাপাশি ঠাকুরগাঁওয়ে বাসায় তাঁর একটি গার্মেন্টস ব্যবসা আছে। পরিবার জানিয়েছে, ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে তিনি ঢাকায় গিয়েছিলেন। এটি ব্যবসায়িক টাকা। যদি অবৈধ হতো, তাহলে তো টাকা বিতরণ করতে গিয়ে ধরা পড়তেন।’
তিনি জানান, ঢাকা বিমানবন্দরে চেকিংয়ের পর আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে ছেড়ে দিয়েছে, কারণ এতে কোনো অবৈধতা পাওয়া যায়নি। কিন্তু সৈয়দপুরে এসে তাঁকে হেনস্তা করা ‘একেবারে দুরভিসন্ধি’ এবং এতে ষড়যন্ত্রের গন্ধ আছে। ‘পারিবারিকভাবে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি,’ যোগ করেন তিনি।
জামায়াত প্রার্থী আরও বলেন, নির্বাচনের আগমুহূর্তে এমন ঘটনা তাঁদের কার্যক্রমে বাধা সৃষ্টি করার চেষ্টা। তিনি এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
রিপোর্টার্স২৪/এসএন