জেলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টানা চার দিনের ভোটের ছুটিতে রাজধানী ছাড়তে শুরু করেছেন শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। একইসঙ্গে বৃদ্ধি পেয়েছে যমুনা সেতুর টোল আদায়।
গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে মোট ২ কোটি ৯৪ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গগামী ২৩ হাজার ৯৮৯টি যানবাহন সেতু পারাপার করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা। অন্যদিকে ঢাকাগামী ১২ হাজার ৯৩৪টি যানবাহন পারাপার হয়েছে, যেখান থেকে আদায় হয়েছে ১ কোটি ১৯ লাখ ৭৬ হাজার ৭৫০ টাকা।
নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, সোমবার রাত থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চাপের কারণে মহাসড়কের বিভিন্ন অংশে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। বুধবার সকালেও কিছু সময় যানজট দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
বর্তমানে মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে বলে জানান সংশ্লিষ্টরা।
রিপোর্টার্স২৪/আরকে