স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন এবং নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা জনগণের কাছে দৃশ্যমান করতে জেলা ও মেট্রোপলিটন এলাকায় ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্রে জানা গেছে, জেলা ও মেট্রোপলিটন পর্যায়ে রিটার্নিং অফিসারের নেতৃত্বে বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা এবং বেসরকারি পর্যায়ের দলনিরপেক্ষ বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে এসব টিম গঠন করা হয়েছে। একইভাবে উপজেলা ও মেট্রোপলিটন এলাকায় সহকারী রিটার্নিং অফিসারের নেতৃত্বেও পৃথক ভিজিল্যান্স ও অবজারভেশন টিম কাজ করবে।
এ ছাড়া রিটার্নিং অফিসারের নেতৃত্বে সহকারী রিটার্নিং অফিসার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিনিধিদের নিয়ে নির্বাচন মনিটরিং টিম গঠন করা হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে সমন্বয় ও সুসংহতকরণের লক্ষ্যে রিটার্নিং অফিসারের নেতৃত্বে একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলও গঠন করা হয়েছে।
এর পাশাপাশি, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপতথ্য পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য পৃথক আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল গঠন করেছে কমিশন। এসব সেলে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।
রিপোর্টার্স২৪/এসসি