রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট দিতে বুধবারও (১১ ফেব্রুয়ারি) মানুষ গ্রামে ফিরছেন। সকাল থেকেই রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় দেখা গেছে যাত্রীরা নির্বিঘ্নে বাসে উঠছেন।
গতকাল মঙ্গলবার সায়দাবাদে যাত্রীদের উপচেপড়া ভিড় ও বাস সংকটের কারণে ভোগান্তি দেখা দিয়েছিল। তবে বুধবার সকালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। বাসগুলোতে পর্যাপ্ত আসন থাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও নেই।
সায়দাবাদ, জনপথ মোড়, উত্তর যাত্রাবাড়ী, দোলাইপার, শনির আখড়া, রায়েরবাগসহ বিভিন্ন টার্মিনালে যাত্রীরা সহজে যাত্রা শুরু করছেন। কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, হাজীগঞ্জ, চট্টগ্রাম, লাকসাম, খুলনা, সিলেট ও লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা গামী বাস এখানে দেখা গেছে।
কাউন্টারের কর্মীরা যাত্রীদের ডাকাডাকি করছেন। তিশা কাউন্টারের কর্মী মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, আজ যাত্রী খুব কম। অনেক গাড়ি না ভরেই ছেড়ে যাচ্ছে। গতকালকে যে ভিড় দেখেছি, সেটা কোনো ঈদের সময়ও দেখা যায়নি।
যাত্রীরা বলছেন, পর্যাপ্ত বাস থাকায় ভাড়া নিয়ে দর-কষাকষিও স্বাভাবিক। বরিশালের পিরোজপুর যাচ্ছেন রবিউল ইসলাম জানান, সাধারণ সময় ভাড়া ৫০০ টাকা। আজ একটু দর কষাকষি করে কমানো গেল। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ভোট দিতে যাচ্ছেন আব্দুর রহমান বলেন, গতকাল ভিড়ের কথা শুনে আসিনি। আজ এসে দেখি পরিস্থিতি বেশ ভালো, ভাড়া আগের মতোই।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের সংখ্যা আরও বাড়ছে বলে জানিয়েছেন আজাবাদের বাস কাউন্টারের কর্মীরা।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি ছুটি থাকায় মানুষ ইতিমধ্যে গ্রামে ফিরছেন। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি। এর ফলে ১১–১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি চাকরিজীবীরা চারদিন ছুটি কাটাবেন।
রিপোর্টার্স২৪/ঝুম