স্টাফ রিপোর্টার: আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হবে এবং বিদায় নেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।
বিদায়বেলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান নিজের দায়িত্ব পালন, সাফল্য ও সীমাবদ্ধতা নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি এই বার্তা প্রকাশ করেন।
স্ট্যাটাসে ফাওজুল কবির খান জানান, উপদেষ্টা হিসেবে এদিনই ছিল তার শেষ কার্যদিবস। যদিও আইন অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্যন্ত তিনি পদে বহাল থাকবেন, তবে নির্বাচনের পর নৈতিক বিবেচনায় আর কোনো নির্বাহী ক্ষমতা ব্যবহার করবেন না বলে উল্লেখ করেন তিনি।
তিনি লেখেন, জাতির সেবার সুযোগ পাওয়া যে কোনো নাগরিকের জন্য সৌভাগ্যের বিষয়। এই সুযোগের জন্য তিনি সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি দায়িত্ব পালনকালে সচিববৃন্দ, বিভিন্ন দপ্তর ও কোম্পানির প্রধানসহ সহকর্মীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
ফাওজুল কবির খান আশা প্রকাশ করে বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, সহিংসতামুক্ত ও উৎসবমুখর হবে। যে দল বা জোটই নির্বাচনে বিজয়ী হোক না কেন, জাতি হিসেবে সবাই তাদের পাশে দাঁড়াবে বলেও উল্লেখ করেন তিনি। নতুন সরকারের জন্য শুভকামনা জানিয়ে স্ট্যাটাসটি শেষ করেন এই উপদেষ্টা।
রিপোর্টার্স২৪/বাবি