কুমিল্লা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ায় সম্ভাব্য সহিংসতা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী ‘ইমার্জেন্সি রেসপন্স’ মহড়া সম্পন্ন করেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট লাউয়া দিঘির মাঠে অনুষ্ঠিত মহড়ায় ভোটকেন্দ্রে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলার পরিস্থিতি কল্পনা করে তা মোকাবিলার প্রক্রিয়া বাস্তবভিত্তিকভাবে পরীক্ষা করা হয়। মহড়ায় দেখা যায়, প্রথমে পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে। পরিস্থিতি অবনতির সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর একটি সশস্ত্র দল টিয়ার শেল নিক্ষেপ ও কৌশলগত অবস্থান গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহতদের হেলিকপ্টারের মাধ্যমে কুমিল্লা সেনানিবাস সংলগ্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। মহড়ার মাধ্যমে সেনাবাহিনীর সমন্বিত প্রতিক্রিয়া, কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি মূল্যায়ন করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করা হবে। মহড়ায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা, কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি