নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদের সমর্থকদের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বুড়িরচর, চর ঈশ্বর ও সোনাদিয়া ইউনিয়নের হান্নান মাসুদের সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয়। অভিযোগ, হামলাকারীরা ধানের শীষ প্রতীকের স্লোগান দিয়ে একাধিক বাড়িতে ভাঙচুর, লুটপাট চালায় এবং আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন, যাদের মধ্যে কিছুজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হান্নান মাসুদ অভিযোগ করে বলেন, মূলত আমাদের সমর্থকদের দমন ও হুমকির জন্য এ হামলা চালানো হয়েছে। আমি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাকে বারবার ফোন করেছি, কিন্তু ফোন রিসিভ করা হয়নি।
হামলার বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, পুরো উপজেলায় নৌবাহিনী সদস্যরা টহল দিচ্ছেন। বিষয়টি নৌবাহিনী ও পুলিশকে জানানো হয়েছে।
এদিকে বিএনপির স্থানীয় নেতারা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। এ ঘটনায় স্থানীয় নির্বাচনী পরিবেশে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি