পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী-৩ আসন (গলাচিপা-দশমিনা) থেকে বিএনপি-সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, গলাচিপায় মানুষের যে গণজোয়ার দেখছি, তাতে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। ১২ ফেব্রুয়ারি আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দেবেন, আর বিজয়ের পর যারা আমাদের বিরোধিতা করেছে—তাদের নিয়েই শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করবো।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নুরুল হক নুর বলেন, বাস্তবতা হলো—এই আসনে ইসলামী আন্দোলন কিংবা জামায়াতে ইসলামীর এককভাবে বিজয় অর্জনের মতো ভোট নেই। একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, যিনি আগে বিএনপির নেতা ছিলেন এবং বর্তমানে বহিষ্কৃত। এই বাস্তবতায় আমরা যদি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হই, তাহলে ভবিষ্যতে এ এলাকার মানুষের জন্য দুর্ভোগ ছাড়া কিছুই থাকবে না।
তিনি বলেন, আমি বরিশাল বিভাগের অন্যতম কম বয়সী তরুণ প্রার্থী। আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনাদের সন্তান হিসেবে। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চাইছি। সময়ের স্বল্পতা ও নানা প্রতিকূলতার কারণে আমি সবার কাছে যেতে পারিনি। সব বাজারে ঘুরতে পারিনি, সবার সঙ্গে ফোনেও কথা বলা সম্ভব হয়নি। অনেকেই হয়তো প্রত্যাশা করেছিলেন, আমি ঘরে ঘরে গিয়ে কথা বলবো। সেটি সম্ভব না হওয়ায় আপনারা আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
নুর আরও বলেন, দল-মত নির্বিশেষে আমি এই এলাকার উন্নয়নের জন্য আপনাদের সবার সহযোগিতা চাই। আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাক মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন এবং তাঁর অনুসারীদের উদ্দেশে বলতে চাই—আপনারা যদি ১১ ফেব্রুয়ারির মধ্যে ট্রাকের পক্ষে কাজ করেন, তাহলে বিএনপি থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি নিজে অনুরোধ জানাবো।
তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, ঐক্যের রাজনীতিতেই এই এলাকার উন্নয়ন সম্ভব। আমরা সবাই মিলে একটি সুন্দর, উন্নত ও শান্তিপূর্ণ গলাচিপা-দশমিনা গড়ে তুলতে চাই।
গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাফ হোসেন, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, পটুয়াখালী-৩ আসনে পরিবর্তনের রাজনীতি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নুরুল হক নুরই সবচেয়ে যোগ্য প্রার্থী। তাঁরা আসন্ন নির্বাচনে দলীয় ঐক্য বজায় রেখে ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/বাবি