শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলায় অবৈধভাবে উত্তোলন ও পরিবহন নিষিদ্ধ লালবালু বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ এ অভিযান পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হযরত আলী (৩০) উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের রানিশিমুল গ্রামের বাসিন্দা ও বালু ব্যবসায়ী বলে জানা গেছে।
অভিযানকালে উত্তোলন নিষিদ্ধ লালবালু অবৈধভাবে পরিবহনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এই অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ খান নুন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।