স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দু’দিন আগে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সোমবার (৯ ফেব্রুয়ারি) তার কার্যালয়ে প্রায় ৭০ জন সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তিনি বিগত আমলের নির্বাচনগুলোকে ‘ফেক’ বা ‘মকারি’ হিসেবে অভিহিত করে এবারের ভোটকে স্বচ্ছ, সুষ্ঠু ও ঐতিহাসিক করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, তিনি নির্বাচনগুলো কিভাবে হতো, তা উল্লেখ করেছেন। পূর্বের সব নির্বাচনই মূলত ‘ফেক ইলেকশন’ ছিল। এবারের নির্বাচন শান্তিপূর্ণ এবং সুষ্ঠু হবে। মাত্র দুইদিন বাকি থাকায় আমরা প্রায় লক্ষ্যে পৌঁছে গেছি। নির্বাচন রাজনৈতিক কাঠামোয় এক অভূতপূর্ব পরিবর্তন আনবে।
ড. ইউনূস এবারের নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা যেমন বলিষ্ঠ ছিল, তেমনই এবারের নির্বাচনে তাদের অংশগ্রহণ দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন আনবে। এছাড়া বিদেশ থেকে আগত পর্যবেক্ষকরা বাংলাদেশের গণতন্ত্রে আন্তর্জাতিক আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়।
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা সচিবদের জানান যে এবারের নির্বাচনে আধুনিক প্রযুক্তি সর্বোচ্চভাবে ব্যবহার করা হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য ২৫,৭০০টি বডি-ওর্ন ক্যামেরা এবং সব কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে। ভোটার সুবিধার্থে ‘নির্বাচন’ ও ‘নির্বাচন বন্ধু’ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। ড. ইউনূস আশা প্রকাশ করেন, প্রযুক্তির এই ব্যবহার ভোটকে অতীতের যেকোনও সময়ের চেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করবে।
এছাড়া প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে আর অপশাসন ফিরে আসবে না এবং জাপানের সঙ্গে ইপিএ চুক্তি দেশের অর্থনীতিতে নতুন সুযোগ তৈরি করবে। ভবিষ্যতে আরও দেশগুলোর সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হবে, যা তরুণ প্রজন্মের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে।
বৈঠকে ড. ইউনূস সচিবদের ভূয়সী প্রশংসা করেন। গত ১৮ মাসে রাষ্ট্র সংস্কারে সচিবরা প্রায় ১৩০টি জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ কার্যকর করেছেন। প্রধান উপদেষ্টা তাদের আন্তরিক সহযোগিতা ও পেশাদারিত্বের জন্য ধন্যবাদ জানান।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিবের সঞ্চালনায় প্রধান উপদেষ্টা সচিবদের সঙ্গে গ্রুপ ছবিতে অংশ নেন। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে সংসদ নির্বাচন ও গণভোট একযোগে অনুষ্ঠিত হবে।
রিপোর্টার্স২৪/এসসি