স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তাদের এই ভাষণ সম্প্রচার করবে।
বিটিভি সূত্র জানায়, আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ সম্প্রচার করা হবে। উভয় ভাষণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, চলমান রাজনৈতিক পরিস্থিতি, ভোটারদের করণীয় এবং দলীয় অবস্থান তুলে ধরা হতে পারে বলে রাজনৈতিক সংশ্লিষ্টরা মনে করছেন।
এদিকে, আজ একই দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের জাতির উদ্দেশে ভাষণও সম্প্রচারের সূচি রয়েছে। বিটিভির পক্ষ থেকে জানানো হয়েছে, তার ভাষণ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে সম্প্রচার করা হতে পারে।
এর আগে, গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। ওইদিন সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের ভাষণ এবং সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ সম্প্রচার করা হয়।
নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ধারাবাহিক ভাষণকে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এসব ভাষণের মাধ্যমে দলগুলো তাদের নির্বাচনি অঙ্গীকার, রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরছে বলে মনে করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/বাবি