রিপোর্টার্স২৪ ডেস্ক: এবারের হজ মৌসুমে সৌদি আরব থেকে দেশে ফেরার ক্ষেত্রে বড় সুখবর দিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। হজযাত্রী পৌঁছে দিয়ে ফিরতি পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সাধারণ যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে মাত্র ২০ হাজার টাকায় সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরা যাবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, হজযাত্রী পরিবহন শেষে বিমানের ফিরতি ফ্লাইটগুলো খালি না রেখে সাধারণ যাত্রী বহন করা হবে। এতে একদিকে যাত্রীদের স্বল্প খরচে দেশে ফেরার সুযোগ মিলবে, অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আয় বাড়বে।
তার ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগের ফলে বিমানের প্রায় ১২০ কোটি টাকা অতিরিক্ত আয় হওয়ার সম্ভাবনা রয়েছে, যা রাষ্ট্রীয় সংস্থাটির আর্থিক ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে।
এ সময় নিজের দায়িত্ব ও স্বচ্ছতা প্রসঙ্গেও কথা বলেন শেখ বশিরউদ্দীন। তিনি জানান, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে কোনো সরকারি গাড়ি বা বাসভবন নেননি এবং ক্ষমতার অপব্যবহারও করেননি। দায়িত্ব ছাড়ার আগেই নিজের সম্পদের বিবরণী জমা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়া নিয়ে ওঠা প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তিনি সম্পূর্ণ আইন মেনেই এ পদে দায়িত্ব পালন করছেন। তার আগেও ২২ জন মন্ত্রী ও উপদেষ্টা বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন, তিনি সেই ধারাবাহিকতারই অংশ।
এছাড়া বিমানে ডিজিটাল জালিয়াতি প্রতিরোধে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে বিমানের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
রিপোর্টার্স২৪/ঝুম