লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের তিন দিন পর বাথরুমের সেপটিক ট্যাংকি থেকে দেড় বছরের শিশু কানিজ ফাতেমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একই পরিবারের তিন প্রতিবেশীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের রায় বাড়ির একটি বাথরুমের সেপটিক ট্যাংকি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কানিজ ফাতেমা ওই বাড়ির বাসিন্দা কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরীনের কন্যা।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বাড়ির উঠানে খেলাধুলার সময় শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরিবার থানায় জানায়। পরে সন্দেহের ভিত্তিতে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে সেপটিক ট্যাংকির ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় একই বাড়ির প্রতিবেশী তোফায়েল আহাম্মেদ (৬০), ফিরোজা বেগম (৫০) ও নিশু আক্তার (২৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত শিশুর মা জান্নাতুল ফেরদৌস মেরীন অভিযোগ করে বলেন, ঘটনার দিন সকালে তার শিশু কন্যা প্রতিবেশী তোফায়েল আহাম্মদের ঘরের ভেতরে যায়। এরপর থেকেই তাকে আর পাওয়া যায়নি। জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যা করে মরদেহ গুম করা হয়েছে বলে তিনি দাবি করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন এবং গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি