স্টাফ রিপোর্টার: ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে চা-চক্রে অংশ নিয়েছেন আলোচিত মডেল ও গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম। ভোটের ঠিক আগমুহূর্তে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এই সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শাহজাহানপুরে অবস্থিত মির্জা আব্বাসের ব্যক্তিগত বাসভবনে এই চা-চক্র অনুষ্ঠিত হয়। ট্রাক প্রতীকের প্রার্থী মেঘনা আলম সেখানে কিছু সময় অবস্থান করেন এবং মির্জা আব্বাসের সঙ্গে একই টেবিলে বসে বিভিন্ন বিষয়ে আলাপচারিতায় অংশ নেন।
এদিন দুপুরে মেঘনা আলমের নির্বাচনী প্রচারণার সমন্বয়ক তাহরিন জেরিন গণমাধ্যমকে জানান, বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের পক্ষ থেকে দেওয়া চায়ের দাওয়াত গ্রহণ করেছেন মেঘনা আলম। তবে ভোটের একেবারে শেষ সময়ে এই সাক্ষাতের পেছনে কোনো রাজনৈতিক সমঝোতা বা বিশেষ উদ্দেশ্য রয়েছে কি না—সে বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
মির্জা আব্বাসের বাসভবনে পৌঁছানোর পর মেঘনা আলম নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। পাশাপাশি একই টেবিলে বসে আলাপচারিতার কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। ছবিগুলোতে দুই প্রার্থীকে হাস্যোজ্জ্বল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেখা যায়।
নির্বাচনের উত্তপ্ত পরিবেশে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এই সৌজন্য সাক্ষাৎকে অনেকেই রাজনৈতিক শিষ্টাচার ও ব্যক্তিগত সম্পর্কের দৃষ্টান্ত হিসেবে দেখছেন। আবার কেউ কেউ এটিকে ভোটের আগে কৌশলগত যোগাযোগ হিসেবেও ব্যাখ্যা করছেন। তবে উভয় পক্ষই এখন পর্যন্ত বিষয়টিকে নিছক সৌজন্য সাক্ষাৎ বলেই উল্লেখ করছেন।
রিপোর্টার্স২৪/বাবি