স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার তিনটি আসনের ১৮ শতাংশ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সেনাবাহিনী। এর মধ্যে ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে শনাক্ত করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর।
তিনি জানান, ঢাকা-১৪, ঢাকা-১৬ ও ঢাকা-১৮ আসনের ভোটকেন্দ্রগুলো ঝুঁকির মাত্রা অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে; সাধারণ, মধ্যম ও অধিক ঝুঁকিপূর্ণ। ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ঝুঁকির ধরন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর বলেন, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। কেউ গুজব ছড়িয়ে বা মিথ্যা তথ্য প্রচার করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নির্বাচনকালীন যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য প্রচারের আগে গণমাধ্যমকর্মীদের প্রাথমিক যাচাই করার আহ্বান জানানো হয়েছে, যাতে ভুল বা উসকানিমূলক সংবাদ প্রকাশ না পায়। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রার্থীদের পাশাপাশি ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোথাও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ জানান তিনি।
রিপোর্টার্স২৪/এসসি