কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর বাজার পাড়ায় শুক্রবার বিকেলে ওয়েল্ডিং মিস্ত্রি রাজন হোসেন (২২) শোবার ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
প্রতিবেশী ও ইউপি সদস্য সাইদুর রহমান জানান, রাজনের পিতা-মাতা আত্মীয়ের বাড়িতে ছিলেন। ছোট বোন রেহেনা খাতুন বাড়িতে থাকলেও প্রাইভেট পড়ার জন্য বাইরে গিয়েছিলেন। এ সময় রাজন শোবার ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে যান। কিছুক্ষণ পর রেহেনা বাড়িতে ফিরে ভাইকে ডাকতে থাকলে কোনো সাড়া না পেয়ে দরজা খুললে ভাইকে ঝুলন্ত অবস্থায় দেখেন।
পরিবার ও প্রতিবেশীরা রাজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। রাজন সাবদারপুর বাজারের একটি কারখানায় ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। তার পিতা আব্দুর রাজ্জাক দাবি করেছেন, মাথার সমস্যার কারণে তিনি এই ঘটনা ঘটাতে পারেন।
কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) এনায়েত আলী খন্দকার বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর প্রকৃত ঘটনা সম্পর্কে বলা সম্ভব হবে।
রিপোর্টার্স২৪/বাবি