লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের দেড় শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এসব নেতা-কর্মী দলীয় নীতি ও আদর্শের সঙ্গে মতপার্থক্যের কারণে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে লক্ষ্মীপুর পৌর জামায়াতের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে নবাগতদের ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগতদের শুভেচ্ছা জানানো হয় এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবীর মুরাদ, জামায়াতের শহর যুব বিভাগের সভাপতি নাছির উদ্দিন, আইনজীবী নেতা অ্যাডভোকেট মাহির হাসান প্রমুখ।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন— লক্ষ্মীপুর পৌর যুবদলের সাবেক সদস্য মেহেদী হাসান হেদায়েত, পৌর ৩ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন হিরণ, একই ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের হোসেন সুজন, সাবেক সদস্য জাহেদুল আবেদীন নিশান মোল্লা, বাঙ্গাখাঁ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম খোকনসহ দেড় শতাধিক নেতা-কর্মী।
এ সময় জামায়াতে যোগদানকারী কয়েকজন বলেন, “দীর্ঘ চিন্তা-ভাবনার পর আমরা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমরা মনে করি, এই দল ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে। সেই লক্ষ্যেই আমরা তাদের সঙ্গে যুক্ত হয়েছি।”
শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান বলেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণসহ বিভিন্ন বয়সী মানুষের জামায়াতে ইসলামীতে যোগদানের প্রবণতা বাড়ছে, যা সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।