স্টাফ রিপোর্টার: সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ আটজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য ব্যক্তিরা হলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মুহাম্মদ নুরুল হুদা, সদস্য নাজমুল হাই, আ ই ম গোলাম কিবরিয়া, মো. আবু বকর সিকদার, আনোয়ারুল ইসলাম সিকদার ও এম. মাহবুবুল আলম।
এদিন দুদকের সহকারী পরিচালক আফনান আদ্রাত কেয়া তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, সংশ্লিষ্ট আসামিরা পরস্পর যোগসাজশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ক্ষমতা না থাকা সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নামে পূর্বে বরাদ্দ বাতিলকরা একটি প্লট পুনরায় বরাদ্দ দেন। একই সঙ্গে নিজেদের লাভবান হওয়ার উদ্দেশে সরকারি সুদ বাবদ ৪ লাখ ৭৪ হাজার ২৪ টাকা মওকুফ করা হয়।
আবেদনে আরও উল্লেখ করা হয়, আসামিদের কর্মকাণ্ড দণ্ডবিধি ১৮৬০-এর ১৬১, ১৬০, ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
দুদক জানায়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে আসামিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। তারা দেশত্যাগ করলে মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ ও সুষ্ঠু তদন্ত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব বিবেচনায় আসামিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি।
আবেদনের শুনানি শেষে আদালত যুক্তিগুলো আমলে নিয়ে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ আটজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।
রিপোর্টার্স২৪/এসসি