চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে এক কিশোরীকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইমাম হোসেন (২৫) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ ফেব্রুয়ারি) রাতে জোরারগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
এর আগে শনিবার রাতে সংঘটিত ধর্ষণের ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অপর দুই আসামি হলেন— হৃদয় (২৫) ও রানা (২৭)।
মামলার সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের শাহজাহানের ঘরের পাশের পুকুরপাড় সংলগ্ন একটি বাগানে ওই কিশোরীকে নিয়ে যায় তিন যুবক। সেখানে তাকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। ঘটনার পর বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে তারা পালিয়ে যায়।
পরে বিষয়টি জানাজানি হলে মামলা না করার জন্য ভুক্তভোগীর পরিবারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে অভিযুক্তরা। তবে সব বাধা উপেক্ষা করে শনিবার রাতে কিশোরীর মা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, “মামলার এজাহারভুক্ত আসামি ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দুই আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”