জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: বৈষম্যমুক্ত জাতীয় ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সকাল ১০টায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের জীবননগর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি জীবননগর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় মানববন্ধনে অংশ নেওয়া সরকারি কর্মচারীরা বলেন, প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। বাসাভাড়া, চিকিৎসা সেবাসহ জীবনযাপনের সব ব্যয় বৃদ্ধি পেয়েছে। কিন্তু সেই তুলনায় আমাদের বেতন-ভাতা বাড়েনি। আমরা যে বেতন পাই, তাতে পরিবার নিয়ে জীবনযাপন করতে হিমশিম খেতে হচ্ছে।
তারা আরও বলেন, ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবি আমাদের ন্যায্য অধিকার। এ দাবি দ্রুত বাস্তবায়ন করা জরুরি। দাবি দ্রুত কার্যকর না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মো. রাকিব, তরিকুল ইসলাম, মো. রুহুল আমিন, মো. আলী কদর, কাজল আহমেদ, মো. খালিদ হোসেন, ওয়াসিম, মো. আবুল হোসেন, আব্দুর রশিদ ও হুমায়ুন কবীরসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা।