কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় মোবাইল চুরি নিয়ে দ্বন্দ্বের ঘটনায় ভাতিজার শাবলের আঘাতে চাচা নিহত হয়েছেন। ভাতিজার সঙ্গে মোবাইল চুরি নিয়ে গতকাল শনিবার কথা কাটাকাটি হয়। শনিবার দিবাগত রাত ন'টায় ভাতিজার শাবলের আঘাতে গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতলে আজ রোববার(১ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হেলাল উদ্দিন পালোয়ান (৫৫) উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ পালোয়ানের ছেলে এবং চাঁদপুর ইউনিয়নের কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
গাজীপুর জেলা কৃষকদল সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু বলেন, হেলাল উদ্দিনকে নৃশংসভাবে হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। দলের পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পরিবারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নিলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম জানান, শনিবার রাতে কোটবাজালিয়া এলাকায় অজ্ঞাতনামা চার থেকে পাঁচজন দেশীয় অস্ত্র ও শাবল দিয়ে পেছন থেকে তাকে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আজ রোববার সকাল আনুমানিক ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধজনিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, নিহতের ভাতিজার সঙ্গে মোবাইল চুরি সংক্রান্ত বিষয়ে শনিবার তার কথা কাটাকাটি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে । এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
রিপোর্টার্স২৪/এসসি