নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নগদ অর্থ বিতরণে আচরণবিধি লঙ্ঘন করায় নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোটের প্রার্থী মনির হোসেন কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩১ জানুয়ারি) নারায়ণগঞ্জ সদর উপজেলার দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেজুর গাছ প্রতীকের প্রার্থী মনির হোসেন কাসেমী পুরস্কার তুলে দিচ্ছেন। এ সময় তাঁর হাতে নগদ অর্থ দেখা যায়। সে টাকা তিনি প্রত্যেক বিজয়ীকে পুরস্কারের নিচে লুকিয়ে দিচ্ছেন।
আসাদুজ্জামান নূর জানান, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলামীর প্রার্থী মনির হোসেন কাসেমী (খেজুর গাছ প্রতীক) শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করে নির্বাচনী প্রচারণা করেন, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ১৫ (খ) এর সুস্পষ্ট লঙ্ঘন। এ সময় উপস্থিত আয়োজক ও প্রার্থীর প্রতিনিধি তাঁদের দোষ স্বীকার করেন। দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিধিমালার ২৭ (ক) বিধি অনুযায়ী উপস্থিত প্রতিনিধিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রিপোর্টার্স২৪/এসএন