ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় চলন্ত পিকআপ থেকে ডেলিভারিম্যানকে ফেলে দিয়ে প্রায় ৩০ লাখ টাকার ব্যাটারি লুটের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় লুট হওয়া ৪২৪টি ব্যাটারি, একটি পিকআপ ভ্যান এবং ব্যাটারি বিক্রির নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার রাজানগর গ্রামের আবুল কালামের ছেলে লোকমান ওরফে সাগর ওরফে মিনহাজ (২৮) এবং কুমিল্লার তিতাস থানার কালাইগোবিন্দপুর গ্রামের মমত আ. রশিদের ছেলে মোহাম্মদ আলী (৩৮)।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি রাত আনুমানিক ১২টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিআইজি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ৪৬০টি লিড অ্যাসিড ব্যাটারি ও ৬৩টি টি-শার্ট নিয়ে একটি পিকআপ ভ্যান ময়মনসিংহের ফুলপুরের উদ্দেশে রওনা দেয়। পিকআপটিতে চালকসহ ডেলিভারিম্যান রুবেল হাওলাদার উপস্থিত ছিলেন।
পথিমধ্যে ভোররাত ৪টার দিকে ভালুকা উপজেলার হবিরবাড়ি সিডস্টোর এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে পুষ্পকানন ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে চালক লোকমান ওরফে সাগর কৌশলে গাড়িটি থামান। এ সময় তার সঙ্গে থাকা দুই সহযোগী মিলে ডেলিভারিম্যান রুবেলকে মারধর শুরু করে। একপর্যায়ে চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে তাকে মহাসড়কের পাশে ফেলে দিয়ে ব্যাটারিসহ পিকআপটি নিয়ে দ্রুত পালিয়ে যায় ডাকাতরা।
ঘটনার পরপরই ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল তদন্তে নামে। তদন্তের ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে প্রধান আসামি লোকমান ওরফে সাগরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী গাজীপুরের গাছা থানা এলাকা থেকে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
পরদিন শুক্রবার ঢাকার খিলক্ষেত এলাকার বালুরঘাট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়। একই রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার আরিচপুর এলাকার একটি বাসা থেকে লুট হওয়া ৪২৪টি ব্যাটারি উদ্ধার করে পুলিশ, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ২৯ লাখ ১৮ হাজার টাকা।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃতরা একটি আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। এ চক্রের সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি