কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: পরিবারের সুখের আশায় ঋণগ্রস্ত অবস্থায় ৩ বছর আগে দুবাইয়ে গিয়েছিলেন কোটচাঁদপুরের সাবেক ইউপি সদস্য হোসেন আলী (৪০)। তবে বিদেশে লোন পরিশোধের আগে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন এবং লাশ হয়ে ফিরলেন নিজ বাড়িতে।
শনিবার সকালে স্থানীয় পারিবারিক কবরস্থানে জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়। হোসেন আলী উপজেলার নারায়ণপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তাঁর ভাই হাশেম আলী জানান, ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয় সন্তান। হোসেন আলী কৃষি কাজ করতেন এবং তিন সন্তানের জনক ছিলেন—দুই মেয়ে ও এক ছেলে।
হোসেন আলী বিদেশ গিয়েছিলেন পরিবারের আর্থিক উন্নতির জন্য। বিদেশ যাত্রায় তার খরচ হয়েছিল ৩–৩.৫ লাখ টাকা। কাজের পাশাপাশি লোনের বোঝা মাথায় নিয়ে তিনি দুবাইয়ে কাজ করছিলেন। ২০ জানুয়ারি স্ট্রোকজনিত সমস্যায় দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন। ২৭ জানুয়ারি শেষ নিশ্বাস ত্যাগের পর শুক্রবার রাত ৮ টায় বাংলাদেশে এসে পৌঁছায় তাঁর নিথর দেহ এবং ভোর রাতে কোটচাঁদপুরের নিজ বাড়িতে আনা হয়।
হোসেন আলী আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সাবদারপুর ইউনিয়ন পরিষদের ৭ নাম্বার ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং এনবিজে মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও তিন সন্তান ছাড়াও অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর সংবাদ পাওয়া মাত্র পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। জানাজার দিন সকাল থেকে স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা বাড়িতে জড়ো হন। সাবদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য এবং বিদ্যালয়ের শিক্ষক-ছাত্ররা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
রিপোর্টার্স২৪/বাবি