ইন্টারন্যাশনাল ডেস্ক : ‘ভারত রাশিয়া থেকে তেল কেনায় আমি খুশি ছিলাম না। মোদি আজ আমাকে আশ্বস্ত করেছেন যে, তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবেন।’ হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প সাংবাদিকদের বলেন।
ট্রাম্প আরও বলেন, ‘এটি একটি বড় পদক্ষেপ। এখন আমরা চীনকেও একই কাজ করতে বাধ্য করব।’
এদিকে, প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পের কাছে এমন প্রতিশ্রুতি দিয়েছেন কিনা সে সম্পর্কে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসকে ই-মেইলে প্রশ্ন করা হলে, তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।
রাশিয়ার তেল কেনা বন্ধ করার ভারতের প্রতিশ্রুতি বিশ্বব্যাপী জ্বালানি কূটনীতিতে একটি উল্লেখযোগ্য মোড় নেবে, কারণ ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে ওয়াশিংটন মস্কোর তেল রাজস্ব বন্ধ করার চেষ্টা করছে।
রাশিয়া থেকে যেসব দেশ তেল কেনে তাদের মধ্যে ভারত অন্যতম। তাই এই পদক্ষেপ মস্কোর অন্যতম শীর্ষ জ্বালানি গ্রাহকের একটি বড় পরিবর্তনের ইঙ্গিতও দেয়।
‘কোন তেল থাকবে না। তিনি তেল কিনছেন না।’রয়টার্স ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে। তিনি আরও যোগ করেছেন যে, এই পরিবর্তনটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে না, তবে অল্প সময়ের মধ্যে হবে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। যার মধ্যে রাশিয়ান তেল কেনার কারণে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও রয়েছে।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে বলেছিলেন, মস্কোর সাথে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার জন্য ভারত ও চীনকে চাপ দেয়ার মার্কিন প্রচেষ্টা অর্থনৈতিকভাবে ক্ষতিকারক হতে পারে।
সূত্র: এনডিটিভি
রিপোর্টার্স ২৪/এমবি